আগামী ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল। মাঠের লড়াই শুরু হতে এখনো কয়েক দিন বাকি থাকলেও চাঁদপুরে এখনই বইছে ফুটবল উন্মাদনা। বিশেষ করে লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে শুরু হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা।
বিশ্বকাপের মূল আসরে বাংলাদেশ অংশ না নিলেও এ দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনার কোনো কমতি নেই। চাঁদপুর জেলার শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও বইছে উৎসবের হাওয়া। বাড়িঘর, দোকানপাট ও রাস্তাঘাট সাজানো হচ্ছে প্রিয় দলের পতাকার রঙে। ফুটবলপ্রেমীদের মধ্যে জার্সি ও পতাকা কেনার ধুম পড়েছে। পাড়ায় পাড়ায় বড় পর্দায় খেলা দেখার প্রস্তুতি নিচ্ছেন স্থানীয়রা।
সরেজমিনে চাঁদপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শহরের পুরান বাজার ও নিতাইগঞ্জ সড়কে ছোট-বড় নানা আকারের পতাকা বিক্রির ধুম লেগেছে। হকাররা ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি ও ইরানসহ বিভিন্ন দেশের পতাকা নিয়ে হাজির হচ্ছেন। শুধু শহর নয়, গ্রামগঞ্জেও ছড়িয়ে পড়েছে পতাকা বিক্রির ধুম। স্থানীয় ফুটবলপ্রেমীরা জানান, ফুটবল মানেই তাদের কাছে অন্যরকম এক আনন্দ। প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে তারা প্রতিবারই এমন উৎসবমুখর পরিবেশ তৈরি করেন এবং এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
২০২৬ ফিফা বিশ্বকাপ ঘিরে চাঁদপুরে শুরু হয়েছে ফুটবল উন্মাদনা। ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের পতাকা এবং জার্সি কেনার ধুম পড়েছে। শহর থেকে গ্রাম সর্বত্রই বইছে উৎসবের আমেজ।



0 মন্তব্যসমূহ