আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা হুমকির আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম। তবে ওই দিনটিকে ঘিরে ডিএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন। শুক্রবার বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এস এন নজরুল ইসলাম জানান, রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের তল্লাশি চৌকি বা চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এটি চলমান থাকবে।
সংবাদ সম্মেলনে মোহাম্মদপুরের তালিকাভুক্ত সন্ত্রাসী ‘কাইল্লা ফারুক’ জামিনে বেরিয়ে পুনরায় চাঁদাবাজি করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, জামিন প্রদান করা আদালতের এখতিয়ার। আদালত কাকে শাস্তি দেবেন বা দেবেন না সেটি তাদের বিষয়। তবে পুলিশের পক্ষ থেকে অপরাধীদের দমনে কোনো শিথিলতা নেই। সন্ত্রাসী, মাদক কারবারি বা চাঁদাবাজদের গ্রেপ্তার করে তথ্য সংগ্রহপূর্বক আদালতে সোপর্দ করার কাজ পুলিশ নিয়মিতভাবে করে যাবে।
২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কোনো হুমকির আশঙ্কা নেই বলে জানিয়েছে ডিএমপি। তবে নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম।



0 মন্তব্যসমূহ