চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত ‘মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে তিনি দেশটির বিপ্লবী বীরদের প্রতি এই সম্মান প্রদর্শন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজের বরাতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। শ্রদ্ধা নিবেদনকালে বাংলাদেশ ও চীনের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিউগলে বেজে ওঠে শ্রদ্ধার সুর। পুষ্পস্তবক অর্পণ শেষে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এই রাষ্ট্রীয় কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পাশাপাশি শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনও সেখানে উপস্থিত ছিলেন।
চীনের তিয়েনআনমেন স্কয়ারে বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় সফরে শুক্রবার সকালে তিনি ‘মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।



0 মন্তব্যসমূহ