মেক্সিকো সিটি স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই বিশ্বযজ্ঞের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে কানাডার টরন্টোতে। এবারের আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন বাংলাদেশী বংশোদ্ভূত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয়। ফিফার আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী, টরন্টো স্টেডিয়ামের এই মঞ্চে সঞ্জয় পারফর্ম করবেন কানাডিয়ান পপ আইকন মাইকেল বুবলে এবং অ্যালানিস মরিসেটের মতো বিশ্বখ্যাত তারকাদের সঙ্গে।
আজ শুক্রবার (১২ জুন) রাত ১১টা ৩০ মিনিটে টরন্টো স্টেডিয়ামে ৯০ মিনিটের এই দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। যেখানে কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় ও বৈচিত্র্যকে বিশ্বের সামনে তুলে ধরা হবে। অনুষ্ঠান শেষে রাত ১টায় কানাডা ও বসনিয়া একে অপরের মুখোমুখি হবে। নিজের এই অর্জন নিয়ে ডিজে সঞ্জয় তার ভেরিফায়েড ফেসবুক পেজে উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছেন, নিজের ঘরের কোণে বসে মিউজিক বিট তৈরি করা থেকে আজ ফিফা বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন তিনি। বিশ্বের সবচেয়ে বড় এই মঞ্চে নিজের শেকড়কে উপস্থাপন করতে পেরে তিনি গর্বিত।
টরন্টোর এই আয়োজনে সঞ্জয় ছাড়াও পারফর্ম করবেন নোরা ফাতেহি, জেসি রেয়েজ, অ্যালেসিয়া কারা ও এলিয়ানার মতো আন্তর্জাতিক তারকারা। এরপর আগামী শনিবার (১৩ জুন) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বিশ্বকাপের তৃতীয় উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে। প্রতিটি ৯০ মিনিটের এই অনুষ্ঠানগুলো ফুটবল ও সংগীতের মেলবন্ধনে ভৌগোলিক ও সাংস্কৃতিক ভেদাভেদ ভুলে মানুষকে একত্রিত করার বার্তা দিচ্ছে।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বখ্যাত তারকাদের সাথে পারফর্ম করবেন বাংলাদেশী বংশোদ্ভূত ডিজে সঞ্জয়। টরন্টো স্টেডিয়ামে আজ রাতে বসবে এই জমকালো আসর।



0 মন্তব্যসমূহ