আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আলজেরিয়া। ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে অন্তর্ভুক্ত করে চমক দেখিয়েছে দেশটি। ম্যানচেস্টার সিটি ও লেস্টারের সাবেক ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ এই দলের নেতৃত্ব দেবেন। স্প্যানিশ ক্লাব গ্রেনাডায় খেলা গোলরক্ষক লুকা জিদান গত বছর থেকে তার পূর্বপুরুষের দেশ আলজেরিয়ার হয়ে খেলছেন। যদিও তার ও তার বাবার জন্ম ফ্রান্সে, তবে তার দাদা-দাদি আলজেরিয়ান ছিলেন। এর আগে তিনি ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলেও খেলেছেন। দলে আরও জায়গা পেয়েছেন টটেনহামের সাবেক মিডফিল্ডার নাবিল বেনতালেব। এছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন হুসেম আউয়ার এবং আমিন গুইরি। সর্বশেষ দুই আসরে অংশ নিতে না পারা আলজেরিয়ার এটি পঞ্চম বিশ্বকাপ। জে গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও জর্ডান। আগামী ১৬ জুন লিওনেল মেসিদের আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে আলজেরিয়া তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। আলজেরিয়ার পূর্ণাঙ্গ দল: গোলকিপার: ওসামা বেনবোট, মেলভিন মাসতিল, লুকা জিদান। ডিফেন্ডার: আশরাফ আবাদা, রায়ান আইত-নুরি, জিনেদিন বেলাইদ, রফিক বেলঘালি, রামি বেনসেবাইনি, সামির চেরগুই, জাউয়েন হাদজাম, আইসা মান্দি, মোহামেদ আমিন তুগাই। মিডফিল্ডার: হুসেম আউয়ার, নাবিল বেনতালেব, হিশাম বুদাউই, ফারেস শাইবি, ইব্রাহিম মাজা, ইয়াসিন তিত্রাউই, রামিজ জেরুকি। ফরোয়ার্ড: মোহামেদ আমিন আমৌরা, নাদির বেনবুয়ালি, আদিল বুলবিনা, ফারেস ঘেজেমিস, আমিন গুইরি, রিয়াদ মাহরেজ, আনিস হাজ মুসা।
জিদানপুত্র লুকা জিদানকে নিয়ে বিশ্বকাপের ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আলজেরিয়া। রিয়াদ মাহরেজের নেতৃত্বে ১৬ জুন শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ মিশন।



0 মন্তব্যসমূহ