কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযানের অংশ হিসেবে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২ জুন) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ। অভিযান চলাকালে দেখা যায়, দুটি প্রতিষ্ঠান বিদেশি মোড়ক ব্যবহার করে দেশি আচার এবং নিম্নমানের আচার বিক্রি করছিল। এই অপরাধে ওই দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া একটি মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল মিষ্টি বিক্রি এবং একটি কুলিং কর্নারে প্লেট পরিষ্কারের কাজে ক্ষতিকর ডিটারজেন্ট পাউডার ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। এই অভিযোগে আরও দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান, সাধারণ ক্রেতাদের অধিকার রক্ষা এবং বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে এই নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
কক্সবাজারের বাজারঘাটায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভেজাল খাবার ও নিম্নমানের আচার বিক্রির দায়ে এই দণ্ড দেওয়া হয়।



0 মন্তব্যসমূহ