ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান দ্বন্দ্বে মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গত ৪৮ ঘণ্টায় কুয়েতের আকাশসীমায় অন্তত ২৪টি ড্রোনের অনুপ্রবেশ ঘটেছে বলে বৃহস্পতিবার (১১ জুন) নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল সৌদ আব্দুল আজিজ আল-ওতাইবি জানান, সশস্ত্র বাহিনী গত দুই দিনে আকাশসীমায় ২৪টি ড্রোন শনাক্ত করেছে এবং সেগুলো সফলভাবে মোকাবিলা করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, এসব ড্রোন অনুপ্রবেশের ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও সীমিত পরিসরে ক্ষয়ক্ষতি হয়েছে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং নাগরিকদের সুরক্ষায় কুয়েতি সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বদা সজাগ রয়েছে বলে তিনি জানান।
এদিকে ওমান উপসাগরে গিনি-বিসাউয়ের পতাকাবাহী ‘জলবীর’ নামক একটি জাহাজে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের তেল পরিবহনের চেষ্টা করছিল। চলতি সপ্তাহে ওমান উপসাগরে মার্কিন বাহিনীর হামলার শিকার হওয়া এটি তৃতীয় জাহাজ। এর আগে ‘মারিভেক্স’ ও ‘সেত্তেবেলো’ নামের আরও দুটি জাহাজে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে যে, বৃহস্পতিবার সকালে ওমানের শিনাস বন্দরের কাছে ভারতীয় নাবিকবাহী ওই জাহাজে হামলা চালানো হয়। গিনি-বিসাউয়ের পতাকাবাহী ‘জলবীর’ জাহাজে ২০ জন ভারতীয় নাবিক কর্মরত ছিলেন। ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জাহাজে থাকা সকল ভারতীয় নাবিক নিরাপদ রয়েছেন এবং বর্তমানে তাদের উদ্ধার করে সরিয়ে নেওয়ার কাজ চলছে।
মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে উত্তেজনা বাড়ছে। কুয়েতের আকাশসীমায় ২৪টি ড্রোন অনুপ্রবেশের পাশাপাশি ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী জাহাজে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।



0 মন্তব্যসমূহ