কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও বাংলা মদসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৩৪ বিজিবির রেজুপাড়া, গর্জনবুনিয়া বিওপি এবং রেজুখাল চেকপোস্টের সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন। অভিযানে সর্বমোট ৭২ হাজার পিস বার্মিজ ইয়াবা এবং ১৫ লিটার দেশি মদ জব্দ করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৫ জুন রাত সাড়ে নয়টার দিকে রেজুখাল চেকপোস্টের তল্লাশি দল গোপন সংবাদের ভিত্তিতে দুই যুবককে আটক করে। আটককৃতরা হলেন বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির বাসিন্দা মোঃ আসমত (২০) এবং টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ও এফডিএমএন সদস্য আজিজুর রহমান (২০)। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে প্যান্টের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২ হাজার পিস ইয়াবা এবং মাদক পাচারে ব্যবহৃত একটি বাটনফোন জব্দ করা হয়।
এদিকে ২৬ জুন সকালে গর্জনবুনিয়া বিওপির একটি দল জলিয়ার গুতা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৫ লিটার বাংলা মদ এবং একটি ইজিবাইক জব্দ করে। একই দিন সকালে রেজুপাড়া বিওপির সদস্যরা হেডম্যান পাড়া আমবাগান এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আরও ৭০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেন। লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, আটককৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কক্সবাজারে বিজিবির পৃথক অভিযানে ৭২ হাজার পিস ইয়াবা ও ১৫ লিটার মদসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে। মাদক নির্মূলে বিজিবির এই কঠোর অভিযান অব্যাহত রয়েছে। বিস্তারিত জানুন সংবাদে।



0 মন্তব্যসমূহ