ফরিদপুরের আলফাডাঙ্গায় অন্যের ছবি ও ভুয়া স্বাক্ষর ব্যবহার করে জাল দলিলের মাধ্যমে এক ব্যক্তির পৈত্রিক বসতবাড়িসহ জমি অবৈধভাবে নামজারি করে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে জালিয়াতির সত্যতা পাওয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওই অবৈধ নামজারিটি বাতিল করে দিয়েছেন।
বুধবার (৩ জুন) বেলা ১১টায় আলফাডাঙ্গা সদর বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য মো. শহিদুল ইসলাম এই জালিয়াতির ঘটনা তুলে ধরেন। তিনি জানান, তার পিতা মো. অলিয়ার রহমান তাকে ৩ শতাংশ জমি দানপত্র দলিলের মাধ্যমে লিখে দেন। পরবর্তীতে ওই জমির নামজারির আবেদন করতে গিয়ে তিনি জানতে পারেন, জমিটি ইতিমধ্যে শাম কাজী নামে এক ব্যক্তি নিজের নামে নামজারি করে নিয়েছেন।
অনুসন্ধানে জানা যায়, শাম কাজী ২০০৮ সালের একটি দলিলের কপি এডিট করে এবং মো. অলিয়ার রহমানের ভুয়া ছবি ও স্বাক্ষর ব্যবহার করে এই জালিয়াতি করেছেন। সাব-রেজিস্ট্রি অফিসে মূল দলিল তল্লাশি করে দেখা যায়, সেখানে অলিয়ার রহমানের কোনো অস্তিত্ব নেই। জালিয়াতির বিষয়টি নিশ্চিত হয়ে আলফাডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান ওই নামজারি বাতিল করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান জানান, দলিল জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে নামজারি করায় তা বাতিল করা হয়েছে। এই জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। এদিকে ভুক্তভোগী পরিবার জালিয়াতির মূল হোতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিলের মাধ্যমে জমি দখলের চেষ্টা ব্যর্থ। অন্যের ছবি ও স্বাক্ষর ব্যবহার করে অবৈধভাবে করা নামজারি বাতিল করেছেন এসিল্যান্ড। জড়িতদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।



0 মন্তব্যসমূহ