ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী (আইআরজিসি নেভি) তাদের সামরিক সক্ষমতা বাড়াতে "রজব ২৭" নামের একটি নতুন উচ্চগতির আক্রমণাত্মক নৌযান প্রকাশ্যে এনেছে। শনিবার (৩১ মে) রাতে রাজধানী তেহরানের এংহেলাব (বিপ্লব) স্কয়ারে আয়োজিত এক জনসমাবেশে আনুষ্ঠানিকভাবে এই নৌযানটি প্রদর্শন করা হয়। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের তথ্য অনুযায়ী, টানা ৯০তম রাতের গণসমাবেশের অংশ হিসেবে এই উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
আইআরজিসি নেভির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অত্যাধুনিক নৌযানটি ৭০০ কিলোমিটার পাল্লার দুটি সমুদ্রভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। এছাড়া তিন মিটার উচ্চতার ঢেউয়ের মধ্যেও এটি অত্যন্ত দ্রুতগতিতে চলাচল ও সফলভাবে অভিযান পরিচালনা করতে পারে। নৌযানটি মূলত ট্রাইমারান বা তিন-হালযুক্ত নকশায় তৈরি করা হয়েছে, যা উত্তাল সমুদ্রে এর নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা নিশ্চিত করে।
বিশেষজ্ঞদের মতে, নতুন এই সমরাস্ত্র ইরানের নৌ-প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চলীয় সমুদ্রপথে দ্রুত আক্রমণ পরিচালনার ক্ষেত্রে এই নৌযানটি গুরুত্বপূর্ণ কৌশলগত ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে।
ইরানের নৌবাহিনীতে যুক্ত হলো নতুন উচ্চগতির আক্রমণাত্মক নৌযান রজব ২৭। ৭০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম এই নৌযানটি তেহরানে আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করা হয়েছে।



0 মন্তব্যসমূহ