আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে রাজনৈতিক ব্যবসা করেছে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেন, বর্তমানে আরেকটি দল জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ব্যবহার করে একই ধরনের ব্যবসা করছে। বিএনপি মুক্তিযুদ্ধ কিংবা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না উল্লেখ করে তিনি জানান, দলটি মুক্তিযোদ্ধা থেকে শুরু করে জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সবার যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে চায়।
আজ দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম বিষয়ক মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পরিষ্কারভাবে নির্দেশনা দিয়েছেন যে প্রত্যেককে তার প্রাপ্য সম্মান দিতে হবে এবং মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনার ভিত্তিতে দেশ পরিচালনা করতে হবে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং তাঁর হাত ধরেই দলটির প্রতিষ্ঠা হয়েছে।
সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর জোর দিয়ে কায়কোবাদ বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জানমাল ও মর্যাদা রক্ষা করা সকলের দায়িত্ব। হিন্দু সম্প্রদায়ের মানুষ গত নির্বাচনে তাকে সহায়তা করেছেন এবং তার যাবজ্জীবন কারাদণ্ডের সময় মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন উল্লেখ করে তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রবাসী কার্ড এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরায় চালুর মতো উদ্যোগ প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাস্তবায়িত হচ্ছে। আট মাসে এতগুলো উদ্যোগ নেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া চান।
শিক্ষার মানোন্নয়নের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে ধর্মমন্ত্রী জানান, মুরাদনগরের পরীক্ষার ফলাফল তাকে অত্যন্ত ব্যথিত করেছে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল পরপর দুই থেকে তিনবার খারাপ হবে, সেসব প্রতিষ্ঠানের এমপিও বন্ধের জন্য তিনি সুপারিশ করবেন।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও কল্যাণে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, প্রতিভা স্কুল পরিদর্শন করে সেখানকার পরিবেশে তিনি অভিভূত হয়েছেন। বিদ্যালয়টির উন্নয়নে নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও তিনি প্রস্তুত রয়েছেন। এর আগে তিনি বিদ্যালয়টির দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে শিশুদের সঙ্গে কেক কাটেন এবং নগদ অর্থসহ ১ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।
শারীরিক অসুস্থতা সত্ত্বেও মুরাদনগরের মানুষের টানে এলাকায় এসেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, হিপ রিপ্লেসমেন্ট ও চোখের অস্ত্রোপচারের পর চিকিৎসকের পরামর্শ উপেক্ষা করেই তিনি উপস্থিত হয়েছেন। মুরাদনগরের জনগণ তাকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত করায় কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, কায়কোবাদ যতক্ষণ বেঁচে আছে, ততক্ষণ জনগণের পাশে থাকবে।
উপজেলার উন্নয়ন প্রসঙ্গে ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মুরাদনগরে যেসব উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সেগুলো সম্পন্ন হলে আগামী পাঁচ বছরে এখানে আর উন্নয়নকাজের প্রয়োজন হবে না।
অনুষ্ঠানে ধর্মমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৫ লাখ এবং অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের জন্য ৫ লাখ টাকা অনুদান দেওয়া হয়। এছাড়া মুরাদনগর উপজেলায় ১ লাখের বেশি গাছ লাগানোর কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম স্থান অধিকারীকে ১০ হাজার, দ্বিতীয় স্থান অধিকারীকে ৭ হাজার এবং তৃতীয় স্থান অধিকারীকে ৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।
মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনা নিয়ে রাজনৈতিক ব্যবসা চলছে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন। কুমিল্লার মুরাদনগরে অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।



0 মন্তব্যসমূহ