২০২৭ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে পুরস্কারের জন্য কোনো গান জমা না দেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড স্ট্রে কিডস। এর আগে একই ধরনের সিদ্ধান্ত নিয়েছিল আরেক কে-পপ ব্যান্ড বিটিএস। গ্র্যামির আয়োজক রেকর্ডিং একাডেমি গত জুনে বেস্ট এশয়ান পপ নামে নতুন একটি বিভাগ চালুর ঘোষণা দেওয়ার পর থেকেই এই বিতর্ক শুরু হয়। নতুন এই বিভাগের উদ্দেশ্য হিসেবে এশিয়ার বাজারে তৈরি বা এশীয় সংগীতের সঙ্গে সম্পর্কিত পপসংগীতে শৈল্পিক উৎকর্ষকে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে। তবে সমালোচকদের আশঙ্কা, আলাদা বিভাগ চালু হলে কে-পপ এবং জে-পপের মতো এশিয়ার বিভিন্ন ধারার সংগীত মূলধারার গ্র্যামি বিভাগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে এবং প্রধান বিভাগে এশীয় শিল্পীদের স্বীকৃতি পাওয়ার সুযোগ কমে যেতে পারে। এই বিতর্কের মধ্যেই স্ট্রে কিডসের রেকর্ড লেবেল জেওয়াইপি এন্টারটেইনমেন্ট জানিয়েছে যে ব্যান্ডটি গ্র্যামির জন্য কোনো গান জমা দেয়নি। এর আগে জুলাই মাসে বিটিএসও জানিয়েছিল যে তারা কোনো বিভাগেই নিজেদের গান বিবেচনার জন্য জমা দেবে না। ব্যান্ডটির পক্ষ থেকে তখন বলা হয়েছিল, তারা চায় তাদের সংগীতকে অঞ্চল বা ভাষার ভিত্তিতে ভাগ না করে নিজস্ব পরিচয়ে শোনা হোক। আগস্ট মাসে নতুন অ্যালবাম দিস অ্যান্ড দ্যাট-এর প্রচার উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সদস্য হোয়াং হিয়ন-জিন জানিয়েছিলেন যে পুরস্কার বা রেকর্ড কখনোই তাঁদের লক্ষ্য ছিল না, বরং তাঁদের প্রধান অগ্রাধিকার হলো ভক্তদের সন্তুষ্টি। যুক্তরাষ্ট্রের অ্যালবাম চার্টে স্ট্রে কিডসের ৯টি অ্যালবাম এক নম্বরে উঠেছে এবং চলতি বছর ব্যান্ডটির আট সদস্যই গ্র্যামির ভোটার হওয়ার সুযোগ পেয়েছেন। এদিকে বিটিএস ও স্ট্রে কিডসের সিদ্ধান্তের পরও নতুন বিভাগটি বাতিল না করার কথা জানিয়েছে রেকর্ডিং একাডেমি। গ্র্যামির প্রধান হার্ভে ম্যাসন জুনিয়র জানিয়েছেন, ২০২৭ সালের অনুষ্ঠানে এশিয়ান পপ বিভাগ থাকছে এবং এশিয়ার সংগীতাঙ্গনের বিভিন্ন মানুষের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন এই বিভাগের আরেকটি আপত্তির কারণ হলো মনোনীত গানে এশীয় কোনো ভাষার অর্থবহ ব্যবহারের শর্ত, যার ফলে বিটিএস ও ব্ল্যাকপিংকের মতো শিল্পীদের ইংরেজিনির্ভর গান এই বিভাগে অযোগ্য হতে পারে। ইতিমধ্যে বিটিএস ও স্ট্রে কিডসের এই সিদ্ধান্তের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছেন আরেক কে-পপ ব্যান্ড এটিজের নেতা কিম হং-জুং। আগামী ১০ ডিসেম্বর ২০২৭ সালের গ্র্যামির মনোনয়ন ঘোষণা করা হবে এবং তখনই স্পষ্ট হবে আর কোন কোন এশীয় শিল্পী পুরস্কারের জন্য গান জমা দিয়েছেন।
২০২৭ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে পুরস্কারের জন্য গান জমা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কে-পপ ব্যান্ড স্ট্রে কিডস। এর আগে একই ঘোষণা দিয়েছিল বিটিএস। গ্র্যামির নতুন এশীয় পপ বিভাগ চালুর ঘোষণাকে কেন্দ্র করে এই বিতর্ক তৈরি হয়েছে।



0 মন্তব্যসমূহ