কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক চালকবিহীন ডুবোযান (ইউইউভি) জব্দ করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মঙ্গলবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, দিনের প্রথম প্রহরে বিশেষ গোয়েন্দা ও সামরিক অভিযানের মাধ্যমে এই ডুবোজাহাজটি নিয়ন্ত্রণে নেওয়া হয়।
জব্দকৃত এই স্বয়ংক্রিয় যানটি ‘ডাইভ-এলডি’ (Dive-LD) মডেলের, যা মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজ তৈরি করেছে। ২০২৫ সালে এটি মার্কিন নৌবাহিনীর আনম্যানড আনডারসি ভেহিকল গ্রুপ-১ কে সরবরাহ করা হয়েছিল। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, প্রায় ৫.৮ মিটার দীর্ঘ এবং ২.৭ টন ওজনের এই ডুবোযানটি পানির নিচে টানা ১০ দিন অবস্থান করতে পারে এবং ৬ হাজার মিটার গভীরতায় কাজ করার সক্ষমতা রাখে। এটি মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি, সমুদ্রতলের মানচিত্র তৈরি এবং নৌমাইন শনাক্ত করার মতো কাজে ব্যবহৃত হয়।
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটল। তেহরান এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করার চেষ্টা করছে। এর আগে গত ৬ সেপ্টেম্বরও একটি মার্কিন চালকবিহীন নৌযানে হামলার দাবি করেছিল ইরান। বিশেষজ্ঞরা মনে করছেন, জব্দকৃত এই উন্নত প্রযুক্তি ইরানের নিজস্ব ড্রোন ও নৌ কর্মসূচিকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে। অতীতেও ইরান আরকিউ-১৭০ এবং এমকিউ-৯ এর মতো মার্কিন ড্রোন জব্দ করে সেগুলোর রিভার্স-ইঞ্জিনিয়ারিং করার নজির স্থাপন করেছে।
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক চালকবিহীন ডুবোযান জব্দ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। ডাইভ-এলডি নামের এই স্বয়ংক্রিয় যানটি গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারিতে সক্ষম।



0 মন্তব্যসমূহ