ফরাসি চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় মুখ নাটালিয়া দন্তচেভা আর নেই। দীর্ঘ এক দশক ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করে গত ১ আগস্ট ৫৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রীর প্রতিনিধি লরাঁ সাভরি। তবে তার মৃত্যুর সঠিক স্থান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
বুলগেরিয়ায় জন্ম নেওয়া এই গুণী শিল্পী ফরাসি টেলিভিশন সিরিজ ‘ডক মার্টিন’-এর ফরাসি সংস্করণে জুলি দেরভিল চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়া ‘লেডি জে’, ‘সাশিঙ্কা’ এবং ‘লে ভোয়াজ আ প্যারিস’-এর মতো উল্লেখযোগ্য চলচ্চিত্রে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। ২০১৯ সালে ‘সাশিঙ্কা’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে ‘প্রিক্স আইরিস’ মনোনয়ন পেয়েছিলেন।
নাটালিয়ার প্রয়াণে বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার সৎ ছেলে ও চলচ্চিত্র প্রযোজক হুগো সেলিন্যাক সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, নাটালিয়া ছিলেন তাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ ও শক্ত ভিত্তি। দীর্ঘ ২৫ বছর ধরে তিনি হুগোর বাবা তথা পরিচালক আরনো সেলিন্যাকের পাশে থেকে ভালোবাসা ও সাহস জুগিয়েছেন।
১৯৬৯ সালের ৩১ ডিসেম্বর বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় জন্মগ্রহণ করা নাটালিয়া ছিলেন অভিনেতা প্লামেন দন্তচেভের কন্যা। ১৯৮৯ সালে ফ্রান্সে পাড়ি জমানোর পর প্যারিসে অভিনয়ের প্রশিক্ষণ নিয়ে তিনি মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে সফল ক্যারিয়ার গড়ে তোলেন। তার মৃত্যুতে ভক্ত ও সহকর্মীরা তাকে একজন অত্যন্ত প্রতিভাবান ও মানবিক শিল্পী হিসেবে স্মরণ করছেন।
দীর্ঘ ১০ বছর অসুস্থতার সঙ্গে লড়াই করে ৫৬ বছর বয়সে মারা গেলেন জনপ্রিয় ফরাসি অভিনেত্রী নাটালিয়া দন্তচেভা। গুণী এই শিল্পীর প্রয়াণে চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।



0 মন্তব্যসমূহ