নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে এক ঐতিহাসিক নির্বাচনে বড় জয় পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২ জুন) অনুষ্ঠিত ভোটে ৯৯টি দেশের সমর্থন পেয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামী এক বছর তিনি এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পদের দায়িত্ব পালন করবেন। নির্বাচনে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিস পেয়েছেন ৯১ ভোট। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপস্থিতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের জন্য এই অর্জন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ দীর্ঘ ৪০ বছর পর দেশটি এই সম্মানজনক আসনে পুনরায় আসীন হলো। এর আগে ১৯৮৬ সালে ৪১তম অধিবেশনে প্রথম বাংলাদেশি হিসেবে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী। এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে প্রার্থী হয়ে দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টার পর খলিলুর রহমান এই বিজয় ছিনিয়ে আনেন।
বিশ্লেষকদের মতে, এই জয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান কূটনৈতিক সক্ষমতার বহিঃপ্রকাশ। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, রোহিঙ্গা সংকট সমাধান এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের ভূমিকা বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। নির্বাচিত হওয়ার পর এক সংক্ষিপ্ত বক্তব্যে খলিলুর রহমান সদস্য দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উন্নয়নশীল দেশগুলোর অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
দীর্ঘ ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ৯৯ ভোট পেয়ে সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে এই ঐতিহাসিক বিজয় অর্জন করেছে বাংলাদেশ।



0 মন্তব্যসমূহ